নৌবাহিনী কর্মকর্তাকে মারধর
ইত্তেফাক রিপোর্ট
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজি মো. সেলিমের পুত্র ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গতকাল রবিবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ।
আদালত বলেছে, যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে সেগুলোর সবই জামিনযোগ্য। এখানে জামিন না দেওয়ার সুযোগ কোথায়? এরপরই আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়। এর ফলে ইরফানের কারা মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানান আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ এবং ইরফান সেলিমের পক্ষে বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা শুনানি করেন।
গত বছরের ২৪ অক্টোবর ধানমন্ডি এলাকায় সংসদ সদস্যের স্টিকার লাগানো সেলিমের একটি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। ঐ ঘটনায় ইরফানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। পরদিন ইরফানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সে কারাগারেই আছে। প্রসঙ্গত এই মামলায় ইরফানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত ১৮ মার্চ হাইকোর্ট ইরফানকে জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
