রামগঞ্জে ইটভাটায় ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪১

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২৩টি ইটভাটায় ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুরা। শিশু আইনে ১২ বছরের কম বয়সীদের কাজে নিয়োগ নিষিদ্ধ হলেও তা এখনও কাগজে-কলমেই সীমাবদ্ধ। উপজেলার এসব ইটভাটায় ১০/১২ বছর বয়সী শতাধিক শিশু দিয়ে ইট ভাঙা ও ইট আনা-নেওয়ার কাজ করানো হচ্ছে। প্রতিবার আনুমানিক ২০ কেজি ওজনের ন্যূনতম ৬টি করে ইট আনা-নেওয়া করতে হয় এসব শিশুকে।

অতিরিক্ত ওজনের চাপে বিভিন্ন দুর্ঘটনারও শিকার হচ্ছে তারা। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠেই শুরু হয় তাদের জীবনযুদ্ধ। কিন্তু পরিবার কিংবা মাঝি (ইটভাটার ইট আনা-নেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তি) কেউই বুঝতে রাজি নয় যে, এসব শিশুর এখন স্কুলে থাকার কথা। অনেক ক্ষেত্রে এসব শিশুর ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করা হয়। এ ছাড়া কাজে বিঘ্ন ঘটলে নিয়মিতভাবেই মালিকপক্ষের মারধর ও ধমকের শিকার হতে হয়।

এ ব্যাপারে ইটভাটার মালিক জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আইন লঙ্ঘন করে শিশুরা নিজেরাই কাজ করতে আসছে— এটা আমাদের বিষয় নয়। এটা মাঝির বিষয়। মাঝি মৌসুমের শুরুতে আমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে গেছে। এখন সে হিসেবেই তারা আমার ইট তৈরি করে দেয়। মদিনা ব্রিকসের মালিক ডিপজলও একই কথা বলেন।

কয়েকজন মাঝির মধ্যে নূর হোসেন, আবদুল হালিম ও আবদুর রবের সঙ্গে কথা বললে তারা জানান, এসব মানুষ চর এলাকা থেকে এসেছে। এরা খুবই অভাবী এলাকার। আর ছোট বাচ্চারা এখানে তাদের বাবাদের সাহায্য করতে আসে। হয়তো তিনবেলা পেট ভরে খাবার পায় বলেই এখানে চলে আসে।

উপজেলার মেঘনা ব্রিকসে কর্মরত শিশু ইব্রাহীমের বয়স (৯) বাবার সঙ্গে এখানেই কাজ করে। ইব্রাহীমের বাবা বলেন, ‘অভাবের তাড়নায় যেখানে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকাই দায়, সেখানে শিশুর শিক্ষা ও চিকিত্সা নিয়ে ভাবার সুযোগ কই! ইটভাটায় কাজ করে আল্লাহ্র রহমতে দু-একবেলা খেতে পারছি- সেটাই বড় কথা।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বলেন, ইটভাটায় কাজ করার ফলে বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালুতে শিশুদের ত্বক ও নখ নষ্ট হওয়ার পাশাপাশি অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতো শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া অতিরিক্ত পরিশ্রমে রক্তস্বল্পতা, দুর্বলতার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়।

ইটভাটায় শিশুশ্রমের বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম জানান, ইটভাটায় শিশুশ্রম নিষিদ্ধ। কেউ শিশুদের দিয়ে কাজ করালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।