সাভারে পাওনা ২০০ টাকার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে রাজীব শেখ নামে (২৬) এক ট্রাকচালককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই ভ্যানচালক বন্ধু নাজিম মন্ডলের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযুক্ত নাজিম মন্ডলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা আনিস শেখ গতকাল রবিবার দুপুরে সাভার মডেল থানায় হত্যামামলা দায়ের করেছেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ২০০ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে বাগিবতণ্ডার এক পর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজীবের গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার পর পুলিশ আনন্দপুর এলাকা থেকে ঘাতক নাজিমকে গ্রেফতার করেছে। এছাড়া এ হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নিহতের বাবার দায়ের করা হত্যামামলায় গ্রেফতার দেখিয়ে নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নিহত রাজীব শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আনিস শেখের ছেলে। বতর্মানে সাভারে বসবাস করে বাস চালাতেন। অপর দিকে আটক নাজিম মন্ডল রাজবাড়ি জেলার মৃত কাদের মন্ডলের ছেলে। সে সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যানচালক হিসেবে কর্মরত রয়েছে। এর আগে দুই বন্ধু একই সঙ্গে সাভার পৌরসভার ময়লার ট্রাক চালাত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
