ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে পয়েন্টের হিসেবে রিয়াল মাদ্রিদের পাশে বসলো বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রবিবারের ম্যাচটি ২-১ গোলে জিতেছে কাতালানরা। সামুয়েল চুকওয়েজের গোলে সফরকারীরা পিছিয়ে পড়ার পর জোড়া গোল করেন ফরাসি ফরওয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যান।
শিরোপা লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতার সুযোগ নিয়ে আবারও লাগাম হাতে নিয়েছে মেসিরা। লিগ টেবিলে এখন তারা ২ পয়েন্ট পিছিয়ে আতলেতিকো মাদ্রিদের চেয়ে।
পা পিছল খেলেই শিরোপা-ভাগ্য চলে যাবে অন্যের হাতে, এমন এক কঠিন চ্যালেঞ্জে তৃতীয় মিনিটেই বিপদে পড়তে পারতো বার্সেলোনা। তবে কর্নারে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জেরার্দ মোরেনোর হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। তিন মিনিট পর পাল্টা সুযোগও পায় তারা; কিন্তু অরক্ষিত গ্রিজমান তা কাজে লাগাতে পারেননি।
২৬তম মিনিটে দারুণ পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভিয়ারিয়াল। মাঝমাঠ থেকে পাউ তরেসের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন নাইরেজিয়ান উইঙ্গার চুকওয়েজে।
পাল্টা জবাব দিতে মোটেও দেরি করেনি কাতালানরা। অনেকটা একইরকম ভাবে মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান অস্কার মিনগেসা। অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষকের ওপর দিয়ে সমতা টানেন গ্রিজমান।
প্রতিপক্ষের দৃষ্টিকটু ভুলের সুযোগে ৩৫তম মিনিটে দলকে এগিয়ে নেন গ্রিজমান। নিজেদের ডি-বক্সের বাইরে জটলার মাঝে বল ক্লিয়ার না করে ডিফেন্ডার হুয়ান ফয়েত কি বুঝে গোলরক্ষকের উদ্দেশ্যে দুর্বল ব্যাকপাস বাড়ান। দেখলেনও না সামনেই আছেন গ্রিজমান! প্রতিপক্ষের অমন উপহার পেয়ে ঠাণ্ডা মাথায় বল ধরে অনায়াসে বাকি কাজ সারেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
বাকি সময়ে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ।
স্বস্তির জয়ে মাঠ ছাড়া বার্সেলোনা ৩২ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে শিরোপাধারীরা এক ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭৩।
ইত্তেফাক/টিআর
