ভারতের নদীয়ায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলার সময় মালগাড়ির ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলার পাঁচবেড়িয়া ও বঙ্কিমনগর হল্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জানা যায়, মৃত ওই যুবকের নাম আরিফুল ধাবক (২৫) এবং বাপ্পা রাজ শেখ (২২)। তাদের বাড়ি ধানতলা থানার রঘুনাথপুর হিজুলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। সম্পর্কে তারা দুইজন বন্ধু।
স্থানীয়রা জানান, আপ ও ডাউন- দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা দুই বন্ধু মোবাইল নিয়ে রেললাইন ধরে কিছুটা হেঁটে গিয়ে প্রথমে আপ লাইনের ওপরে বসে। কিন্তু সেই লাইনে ট্রেন চলে আসায় তারা আপ লাইন থেকে উঠে ডাউন লাইনের ওপরে মুখোমুখি বসে। কানে হেডফোন লাগিয়ে তারা মোবাইলে অনলাইন গেম খেলছিল। তারা যখন গেম খেলায় ব্যস্ত, সেই সময় ডাউন লাইন দিয়ে তাদের দিকে ছুটে আসে রানাঘাটগামী একটি মালগাড়ি। রেললাইনের ওপরে দু’জনকে বসে থাকতে দেখে ট্রেনের চালক কয়েকবার হুইসেল বাজান। কিন্তু কানে হেডফোন থাকায় তারা তা শুনতে পাননি। যখন তারা বুঝতে পারেন তখন ট্রেনটি একেবারে কাছে চলে আসে।
এ সময় দু’জনে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ইত্তেফাক/এসজেড
