বাঘাইছড়িতে মামলা প্রত্যাহারের দাবিতে বাজার বর্জন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

বাঘাইছড়ি উপজেলায় বসু হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেএসএস (সন্তু)’র পূর্ব ঘোষিত উপজেলার ৮টি হাট-বাজারে ২৬ দিনের মতো চলছে বাজার বর্জন। এতে সাধারণ প্রান্তিক পাহাড়িদের ভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, গেল তিন সপ্তাহের বেশি সময় ধরে পাহাড়িরা বাজারে আসছেন না। সাপ্তাহিক হাটেও তারা বাজারে না আসায় বাজার জমছে না। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কিস্তির টাকাও পরিশোধ করতে পারছেন না। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে সাধারণ পাহাড়ি-বাঙালিরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বুধবার বাঘাইছড়ি মারিশ্যা বাজারের দৃশ্যও ছিল একই রকম। বাঙালিরা বাজারে আসলেও পাহাড়িরা হাতেগোনা ছিল কয়েক জন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাবু পাড়াতে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের যুব সমিতির নেতা বসু চাকমা নিহত হয়। নিহতের ঘটনায় প্রভাত কুসুম চাকমা বাদী হয়ে জেএসএস (সন্তু) দলের উপজেলার সভাপতিসহ ২৭ জনের ও অজ্ঞাত ৭-৮ জনের নামে মামলা করেন। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।