উখিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:১৮

উপজেলা পরিষদ নির্বাচনে উখিয়ায় আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।                                            কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ ও ঘোষণার ধারাবাহিকতায় সোমবার উখিয়া মহিলা কলেজ মিলানায়তনে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন তাদের প্রার্থীতা ঘোষণা করেন। এমতাবস্থায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের উপর ভিত্তি করে সরাসরি ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, প্রভাবমুক্ত প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৬৭ জন, ইউনিয়ন আওয়ামী লীগের ১০জন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৯০ জনসহ ১৬৭ জন কাউন্সিলরকে ভোটাধিকার প্রয়োগ করার প্রস্তাব গৃহিত হয়। এই কাউন্সিলরদের মধ্যে ১৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গমাতা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ৭৮ ভোট পেয়ে আওয়ামী লীগের একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিশ্চিত হন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ৬০ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিনের স্ত্রী কামরুননেছা বেবী ৮১ ভোট পেয়ে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন।