বরিশাল অফিস
বরিশালে ডায়রিয়া আক্রান্তদের চিকিত্সা সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনের হাতে ১ হাজার আইভি স্যালাইন তুলে দেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন মো. সৈকত। এই সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের ছয় ব্রিগেডের ৪১ বি’র এই স্যালাইনগুলো প্রদান করেছে। এর আগে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে বরিশালের বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য আরো ২ হাজার আইভি স্যালাইন প্রদান করে সেনাবাহিনী।
বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালসহ উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আইভি স্যালাইনের সংকট সৃষ্টি হয়েছে। জনসাধারণের চিকিত্সা সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে স্যালাইনগুলো সিভিল সার্জনের হাতে তুলে দেওয়া হয়েছে।
অপরদিকে গত রবিবার ৩৫ কার্টন আইভি স্যালাইন সহায়তা দিয়েছে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
