স্পোর্টস রিপোর্টার
লা লিগা পুনরুদ্ধারের পথে আরো একটি কঠিন পরীক্ষা উতরে গেল বার্সেলোনা। রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে কাতালান ক্লাবটি। শুরুতে স্যামুয়েল চুকুয়েজার গোলে ইয়েলো সাবমেরিনরা লিড নিলেও আতোয়ান গ্রিজমানের জোড়া গোলে পূর্ণ ৩ পয়েন্টই অর্জন করে মাঠ ছাড়ে বার্সা। লিগ শিরোপা জিততে বার্সার সামনে সমীকরণ, জিততে হবে হাতে থাকা সব ম্যাচ। সে সমীকরণ মেলানোর পথে অন্যতম বড় বাধা ছিল জেরার্ড মোরেনো, পাও লোপেজের ভিয়ারিয়াল। পাকো আলকাসার, হুয়ান ফয়েথদের নিয়ে গড়া দলটি ঘরের মাঠে তো বেশ ভয়ংকর। তবে রোনাল্ড কুম্যানের শিষ্যরা ভালোভাবেই কঠিন এই পরীক্ষায় পাশ করে গেলেন। এ জয়ে ৩২ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের তিনে রয়েছে বার্সা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান হলেও তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে খেলেছে একটি বেশি ম্যাচ।
