গণপিটুনিতে এক জন নিহত, আহত ৫

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২:৩৩

কালীগঞ্জে গরুচুরি

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

কালীগঞ্জে গণপিটুনিতে গরুচোর চক্রের এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এই হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুল হক। আহতরা হলো বগুড়ার সদর উপজেলার ক্ষেত্রদামা এলাকার বাবলার ছেলে দেলোয়ার হোসেন, একই জেলার শিবগঞ্জ উপজেলা গেওনা ভিন্নত এলাকার আক্তারের ছেলে নাহিদ মিয়া, একই উপজেলার তাতভৈরা এলাকার আব্দুর রশিদের ছেলে হাসান আলী, নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার মান্নানের ছেলে গাজী হোসেন ও টাঙ্গাইলের ফজর আলীর ছেলে আলমগীর হোসেন। তবে নিহতের পরিচয় গতকাল জানা যায়নি।

ওসি জানান, গতকাল  ভোরে উপজেলার নাগরী ইউনিনের উলুখোলা এলাকার বড়কাউ গ্রামের বাসিন্দা কাউছারের বাড়ি থেকে দুইটি গাভি ও একটি বাছুর চুরি করে নিয়ে যাচ্ছিল  দুর্বৃত্তরা। পথে একই এলাকার কালীকুঠি গ্রামে সামাজিকভাবে পাহারাদারদের হাতে তারা  ধরা পড়ে। এ সময় তাদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং স্থানীয় মসজিদে  মাইকিং করে।  আশপাশের কয়েক গ্রামের লোকজন এসে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরো পাঁচ জন। এ ছাড়াও একই চক্রের আরো কয়েকজন  পিকআপসহ পালিয়ে গেছে। তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করে এবং আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়াও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক রাশিদুল হাসান জানান, আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিত্সার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত্ থেকে উপজেলার নাগরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কয়েকজন থানায় লিখিত অভিযোগও করেন। পরে বিষয়টি নিয়ে থানা পুলিশ এলাকায় টহল জোরদার করে এবং গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয় স্থানীয়ভাবে পাহারা বসানোর জন্য। পুলিশের পরামর্শে স্থানীয়রা পাহারা বসায়।