দেশের সর্ববৃহত্ স্থল বন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে। গত ২১ এপ্রিলের পর থেকে আর কোনো অক্সিজেনবাহী গাড়ি স্থলবন্দরটি দিয়ে দেশে আসেনি বলে জানান বেনাপোল স্থলবন্দরের ডেপুটি পরিচালক মামুন কবীর তরফদার। বাংলাদেশে করোনার চিকিত্সায় এ তরল অক্সিজেন ব্যবহূত হয়।
তিনি জানান, গত সপ্তাহে ৪৯৮ টন তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। সর্বশেষ ২১ এপ্রিল ৯৭ টন অক্সিজেন আমদানি করা হয়। এরপর থেকে এই স্থলবন্দর দিয়ে আর কোনো অক্সিজেন আসেনি।
সম্প্রতি ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়েই চলেছে। এর ফলে করোনা রোগীদের চিকিত্সায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এ জন্য ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এখন আর কোনো অক্সিজেন ভারত থেকে আসছে না। বেনাপোল স্থলবন্দর সূত্র জানায়, লিন্ডে বাংলাদেশ, এক্সপেকট্রা, পিওর অক্সিজেনসহ পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তরল অক্সিজেন আমদানি করে। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর হয়ে ঐ অক্সিজেন বাংলাদেশে আসে।
দেশের চিকিত্সা খাতে অক্সিজেনের চাহিদা বাড়ায় এর একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে ভারত থেকে শুধু বেনাপোল স্থলবন্দর দিয়েই ৩০ হাজার টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনায় সংক্রমিত রোগীদের জীবন বাঁচাতে সম্প্রতি অক্সিজেনের চাহিদা আরো বাড়ে।
