‘সত্যিকার অর্থে আমি এবারের অস্কার প্রত্যাশা করিনি। তাই আমি নিজেকে ভাগ্যবান ও সুবিধাপ্রাপ্তদের কাতারেই রাখব। আর ধন্যবাদ না জানানোটা অন্যায়। তাই আয়োজকদের ধন্যবাদ। আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।’
অস্কারপ্রাপ্তির খবর শুনে ভিডিও বার্তায় সেরা অভিনেতা অ্যান্থনি হপকিনস এমনটাই বলেন। সশরীরে অস্কার ভেন্যুতে উপস্থিত থাকার অনুরোধ ছিল আয়োজকদের, কিন্তু নিজ শহরে করোনা থেকে বাঁচতে আইসোলেশনেই কাটাচ্ছেন।
৯৩তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। এর মধ্য দিয়ে প্রথম এশীয় এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লোয়ি ঝাও। এর আগে ২০০৯ সালে ‘দ্য হার্ট লকার’ ছবিটি পরিচালনার সুবাদে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগলো।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনা মহামারির মধ্যেও জমকালো আয়োজনে দুটি ভেন্যুতে বসে অস্কারের ৯৩তম আসর। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোর ৬টায় লস অ্যাঞ্জেলেসে বসে এবারের আসর। তারকাদের সরব উপস্থিতি দেখা গেছে জমকালো এই আয়োজনে।
‘নোম্যাডল্যান্ড’-এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন ফ্রান্সেস ম্যাকডোমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এই অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো ‘ফারগো’ ও ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’)।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। একই সঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সি অভিনেতাও। পুরস্কার হাতে নিয়ে ক্লোয়ি জানালেন তার অনুপ্রেরণার কথা—‘আমি দুনিয়ার যেখানে যার সঙ্গেই মিশেছি, তাদের ভালো দিকটাই দেখেছি। আর তাই আমার এই পুরস্কারটা তাদের জন্য উত্সর্গ করছি, যারা নিজেদের মধ্যে ভালো মানুষটাকে ধরে রাখার মতো সাহস দেখিয়ে চলেছেন, তা যতই কঠিন হোক না কেন।’
এক নজরে অস্কার
সেরা ছবি :নোম্যাডল্যান্ড, সেরা পরিচালক :ক্লোয়ি ঝাও, সেরা অভিনেতা :অ্যান্থনি হপকিনস, সেরা অভিনেত্রী :ফ্রান্সেস ম্যাকডোম্যান্ড, সেরা পার্শ্ব অভিনেতা :ড্যানিয়েল কালুইয়া, সেরা পার্শ্ব অভিনেত্রী :ইয়া-জাং উন, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র :?অ্যানাদার রাউন্ড, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য :দ্য ফাদার, সেরা মৌলিক চিত্রনাট্য :প্রমিসিং ইয়াং ওম্যান, সেরা প্রামাণ্যচিত্র :মাই অক্টোপাস টিচার, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র :কলেট, সেরা অ্যানিমেটেড ছবি :সৌল, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি :ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
