নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী চাচাতো ভাই আসিফকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মহিষডাঙ্গা কারিগর পাড়ার মাঠের ভুট্টাখেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকেই আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে এলাকায় মাইকিং করা হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, আসিফ আলী তার চাচাতো ভাই হাবিবকে বাজার থেকে বিস্কুট কিনে আনতে বলে। পরে হাবিব বাজার থেকে বিস্কুট কিনে আনার পথে সে একটি বিস্কুট খেয়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ আলী তার ছোট ভাই হাবিবকে মারধর করে ও গলা ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। এক পর্যায়ে আহসান হাবিবের বাবা অভিযুক্ত প্রতিবেশী আসিফের বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এ সময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্কুট খেয়ে ফেলার অপরাধে গলা টিপে হত্যার দায় স্বীকার করে। তার কথামতো ভুট্টার খেতে গিয়ে আহসান হাবিবের মৃতদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গতরাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মৃতদেহটি উদ্ধার করে।
নিহত আহসান হাবিব ঐ গ্রামের লুত্ফর রহমানের ছেলে। আর ঘাতক আসিফ একই গ্রামের নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে দুই জন আপন চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে।
