অপারেশন জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি-২০২১-এর অংশ হিসেবে পিরোজপুর ও বাগেরহাট এলাকা থেকে গতকাল সোমবার আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ২১ লাখ মিটার অবৈধ জাল আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সালাম’ ও ‘কর্ণফুলী’ ত্রাণ ও খাদ্যসহায়তা বিতরণ করে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জাটকা নিধন কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযানে দেশের বিভিন্ন নদ-নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপারেশন পরিচালনা করছে। যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। ইতিমধ্যে এ অভিযানের ফলে দেশের নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।—আইএসপিআর
