আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন রুটে মালামাল বহনে অবাধে চলছে ট্রাক্টরের অংশ বিশেষ দিয়ে তৈরি ট্রলি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কে চলাচলে নিষিদ্ধ ট্রলিগুলো স্থানীয় কিছু ব্যক্তি বালু ও মাটি আনা-নেওয়ার কাজে ব্যবহার করছে। মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। সূত্র জানায়, এসব ট্রলি সড়কে আইন অমান্য করে চলাচল করছে। কয়েক দিন আগে জনতা অতিষ্ঠ হয়ে তিনটি ট্রলি আটক করে পুলিশে তুলে দেয়। কালাপাহাড়িয়ার বাসিন্দারা এই নিষিদ্ধ যানবাহন বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, কোনো নিষিদ্ধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
