মোদিকে বাইডেনের ফোন, সহযোগিতার প্রতিশ্রুতি

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০০:২৩

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সব ধরনের সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক টেলিফোন আলাপে এই প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউস জানায়, দুই নেতা গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার বিষয়েও কথা বলেন। বাইডেন বলেন, ভারতের জনগণের জন্য কোভিড পরিস্থিতিতে যত প্রকার সহযোগিতার হাত বাড়ানোর প্রয়োজন পড়বে ওয়াশিংটন তা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অক্সিজেন সম্পর্কিত সরঞ্জামাদি, ভ্যাকসিনের কাঁচামাল  ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে বলে বাইডেন উল্লেখ করেন।

ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে তাতে মোদি বাইডেনের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোভিড ভ্যাকসিন তৈরীতে যুক্তরাষ্ট্রের কাছে নয়াদিল্লি আরো বেশি সহযোগিতা প্রত্যাশা করে বলে মোদি ফোনালাপে উল্লেখ করেন। খবর এএফপির।