স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থার প্রতিনিধিদের

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০১:২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদেরকে প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখাসহ সমপ্রতি নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করেছেন তারা। 

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাইআতুল উলয়ার অন্যতম সদস্য, গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন। তার সঙ্গে ছিলেন হাটহাজারী মাদ্রাসা মুফতি জসিমউদ্দিন ও আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন খান দুলালও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে মুফতি মোহাম্মদ আলী বলেন, গত রবিবার হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। তিনি আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন। বৈঠকে কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা ব্যবস্থার সুরক্ষা এবং ওলামায়ে কেরামের মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এদিকে গতকাল রাত একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাত্কারের বিষয়টি নিশ্চিত করেন।