মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে স্থাপিত পানি সরবরাহের মটরটি বিকল হয়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের মলমূত্র পরিত্যাগসহ গোসল করতে তীব্র ভোগান্তির সৃষ্টি হচ্ছে। রোগীরা বাইরে থেকে বালতি বা জগে করে পুকুরের পানি এনে কোনো রকম প্রয়োজনীয় জরুরি কাজে ব্যবহার করছেন। পানি সরবরাহ বন্ধ থাকায় দূষিত হচ্ছে হাসপাতালের পরিবেশ। এছাড়া পানি সরবরাহের অভাবে আবাসিক কোয়ার্টারগুলোতে ভোগান্তি পোহাতে হচ্ছে ডাক্তার, নার্স ও কর্মচারীদের।
মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাসান জামান জানান, পানি সরবরাহের জন্য চার বছর আগে এখানে স্থাপিত অধিক ক্ষমতা সম্পন্ন মটর গত ১৬ জানুয়ারি বিকল হয়ে যায়। পরে এ ব্যাপারে যথাসময়ে সংশ্লিষ্ট পটুয়াখালী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অদ্যাবধি কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
