যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:৩০

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তাহসিন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন মোট ৬ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন আতরজান (৬৫) তার ছেলে সুমন (৪০), সুমনের স্ত্রী সাজুলি (৩০) সুমনের ছেলে নিশাদ (১৫), তাদের প্রতিবেশী আলমগীর (৩০) ও কাজলি (২৪)।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী জানান, ধলপুর র্যাব-১০ কার্যালয়ের পাশে ১৪ নম্বর আউটফল সিটি করপোরেশন কোয়ার্টারে গতকাল সকালে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বলেন, দোতলা ওই বাড়ির নিচতলার একটি বাসায় সিলিন্ডার থেকে কোনো কারণে ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে কেউ চুলা ধরাতে           গেলে পুরো ঘরে আগুন ধরে যায় এবং বিস্ফোরণে ঘরের এক পাশের দেয়াল ধসে পড়ে। সে সময় দোতলার সিঁড়িতে থাকা সাত বছরের শিশু তাহসিন দেয়াল চাপায় ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা জানান, সকাল পৌনে আটটার দিকে হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন ধরে গেছে। এ সময় ঘটনাস্থলে তাহসিন নামের এক শিশু মারা যায়।  এতে ছয়জন দগ্ধ হন। তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধ সুমন ও তার স্ত্রী সাজুলিসহ দগ্ধরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বার্ন ইউনিটের চিকিত্সকদের ভাষ্যমতে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।