মহেশপুর সীমান্তে আটক দুই নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৭

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

উপজেলার মাঠিলা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি নারীকে মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে প্রকাশ, মঙ্গলবার দুপুরে মাঠিলা সীমান্তে বাংলাদেশের দুই নারী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়কুলচরা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে লাবনী (২২) ও সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে চুমকি খাতুনকে (২০) হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফের পক্ষে ছিলেন রোনঘাট ক্যাম্পের এসি সম্ভাবর্ধ এবং বাংলাদেশের পক্ষে মাঠিলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার সোহরাব হোসেন।

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার রাতে তারা রোনঘাট বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করলে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে।