চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত ৪৮তম শীতকালীন ক্রীড়ায় হকি ও বাস্কেটবলে কৃতিত্ব দেখিয়েছে ঢাকা ও কিশোরগঞ্জের প্রতিযোগীরা। হকি বালক গ্রুপে ঢাকার আরমানিটোলা সরকারি স্কুল ৫-০ গোলে যশোর জেলা স্কুলকে, দ্বিতীয় খেলায় ২-০ গোলে রংপুর শিশু নিকেতন স্কুলকে, তৃতীয় খেলায় কুমিল্লা হাই স্কুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং রংপুর শিশু নিকেতন স্কুল ৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। হকি বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জের আরজত আতরজান হাই স্কুলের মেয়েরা। তারা প্রত্যেক খেলায় জয়লাভ করে এই কৃতিত্ব দেখায়। হকি বালিকা গ্রুপে রানার্সআপ হয়েছে ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুলের মেয়েরা। দলটি তিন খেলার মধ্যে দুই খেলায় জয়ী হয়ে অর্জন করে ৬ পয়েন্ট।
বাস্কেটবল বালক বিভাগে হ্যাটট্রিক শিরোপা জয় করেছে ঢাকার সেন্ট যোসেফ স্কুল। তাদের রাজত্বে এখনো আক্রমণ করা সম্ভব হয়নি কোনো দলের। ৪৮তম আসরে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানি পাবলিক স্কুল, দিনাজপুরের সেন্ট পিলিপস স্কুল ও খুলনা জেলা স্কুলের বিরুদ্ধে ম্যাচ জিতে শীতকালীন আসরের চ্যাম্পিয়নশীপ অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়।
এদিকে বাস্কেট বল বালিকা বিভাগের শিরোপা জিতেছে কিশোরগঞ্জের আরজত আতরজান স্কুলের মেয়েরা। গত আসরের শিরোপা হাতছাড়া করে এবার প্রতিযোগিতায় এসেছিল শিরোপা জয়ের আশায়। সে প্রত্যাশা পূরণ হওয়ায় স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
