গণপরিবহন চালুর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বাসচালকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের খাদ্যসহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বোর্ডবাজার এলাকায় আল-হেরা সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অবরোধ করা হয়। বলাকা ও ভিআইপি পরিবহনের ২০-২৫ জন চালক মহাসড়কে ইট-সিমেন্টর ব্লক দিয়ে প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন। অবরোধকারীরা জানান, প্রতিদিনের আয়-রোজগার দিয়ে তাদের সংসার চলত। কিন্তু করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার হঠাত্ লকডাউন দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। রাস্তায় গাড়ি চালাতে না পারায় তাদের কারো ঘরে খাবার নেই। মা-বাবা ও ছেলে-মেয়েদের মুখে খাবার দিতে পারছেন না। কঠিন কষ্টের মধ্য দিয়ে চলছে তাদের জীবনযাপন। কিন্তু সরকারের কোনো প্রতিনিধি বা বাসের মালিক ও শ্রমিক সংগঠনের কোনো নেতা তাদের খোঁজখবর নিচ্ছেন না। তাদের দাবি, সবকিছু যেভাবে চলছে ঠিক একইভাবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও চালাতে দেওয়া হোক। গাছা মেট্রো থানার ওসি (তদন্ত) নন্দলাল চৗধুরী বলেন, তিনি তাদের খাদ্যসহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
