আফ্রিকার বিদ্যুৎ, বাঁধ, মহাসড়ক, বন্দর এবং রেলপথ নির্মাণের ক্ষেত্রে শাসন করে যাওয়ার ব্যাপারে আশাবাদী চীনের নির্মাণ প্রতিষ্ঠানগুলো। পর্যবেক্ষকরা বলছেন, বিগত দশক ধরেই অঞ্চলটিতে নির্মাণের ক্ষেত্রে তারা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
চলতি সপ্তাহের শুরুতে চীনের রাষ্ট্রায়ত্ত যোগাযোগ নির্মাণ সংস্থা (সিসিসিসি) ৪৫৩ কিলোমিটার (২৮১ মাইল) একটি সড়ক নির্মাণের জন্য ১৬৬ মিলিয়ন মার্কিন ডলার জিতেছে। সড়কটি কেনিয়াকে ইথিওপিয়া এবং দক্ষিণ সুদানের সাথে সংযুক্ত করার একটি মেগাপ্রজেক্টের অংশ। এরপরই এই দৃষ্টিভঙ্গি আরও জোরদার হয়েছে।
সম্প্রতি কেনিয়া সরকার ঘোষণা দিয়েছে যে, কেনিয়ার উপকূলে লামুর মান্ডা বেতে একটি নতুন সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে। যেটি নির্মাণ করবে সিসিসিসি এবং আগামী জুনে এর কাজ শুরু হবে। এমন ঘোষণার মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়ে গেছে। সংস্থাটি ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারে সমুদ্রবন্দরের ৩২টি বার্থের প্রথম তিনটি নির্মাণের চুক্তিটি জিতেছে।
চীনা মার্চেন্টস গ্রুপও আফ্রিকাতে বন্দর নির্মাণ ও পরিচালনা করছে। অন্যদিকে, প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে অঞ্চলটির টেলিকম সরঞ্জাম সরবরাহকারী মার্কেটে শাসন করছে। তারা কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে ৫জি আনতে সহায়তা করেছে।
গত মাসে পরামর্শ সংস্থা ডেলয়েট কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে আফ্রিকাতে নির্মাণাধীন অবকাঠামো প্রকল্পগুলোর ১২১টি নির্মাণ করেছে চীনা সংস্থাগুলো। যা মোট প্রকল্পের ৩১ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া পূর্ব আফ্রিকায় নির্মাণাধীন অবকাঠামো প্রকল্পের অর্ধেকই চীনা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে।
ইত্তেফাক/টিএ
