ঈশ্বরদীতে করোনা ভ্যাকসিন শেষ, অনেকেই পাচ্ছেন না দ্বিতীয় ডোজ

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:৩৮

ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এ কারণে অনেকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারছেন না। মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে অনেককে ফিরে যেতে দেখা গেছে।

সারা দেশের মতো গত ৮ ফেব্রুয়ারি ঈশ্বরদীতেও করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়। টিকা গ্রহণে প্রথম দিকে অনেকেরই অনীহা ছিল। এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ টিকা গ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা চালায়। সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হলে রেজিস্ট্রেশনের পরিমাণ ও টিকা গ্রহণ বাড়তে থাকে। এদিকে হঠাত্ করেই করোনার ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ঈশ্বরদী হাসপাতালে মোট ১৭ হাজার ২৩৫ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে ১০ হাজার ৫০০ সহ মোট ১১ হাজার ৬২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ের ১০ হাজার ৫০০ জনের মধ্যে ৬ হাজার ১৭৩ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ গ্রহণে বাকি রয়েছে ৪ হাজার ৩২৭ জন।

এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান বলেন, আজ ৫০ জনকে টিকা দেওয়ার পর ভ্যাকসিন শেষ হয়েছে। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে, আশা করছি অল্প সময়ের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে।

ইত্তেফাক/এএএম