ফেনীর সোনাগাজীতে আমড়া গাছে ওঠায় সাত বছর বয়সী এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করেছেন এক বৃদ্ধ। মারধরের ঘটনায় গুরা মিয়া নামের ৭৮ বছর বয়সী ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে সোনাগাজী মডেল থানায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মধ্যম চরছান্দিয়া গ্রামের সফি মিস্ত্রি বাড়ির গুরা মিয়ার দোকানের সামনে আমড়া গাছে ওঠে জাহাঙ্গীরের ছেলে জোবায়ের ইসলাম রুহান। দেখতে পেয়ে বৃদ্ধ গুরা মিয়া ওই শিশুকে গাছ থেকে নামিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে শিশু রুহানকে উদ্ধার করে।
নির্যাতিত রুহানের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে বৃদ্ধার হাত থেকে বাঁচিয়েছে। কেউ না এলে গুরা মিয়া লাথি দিয়ে আমার ছেলেকে মেরেই ফেলতেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গুরা মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
