কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হল বাজারের সামনে বালুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরপুর উপজেলার বহালবাড়িয়া বাড়াদি এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাজিদুর রহমান (২২) ও ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে মুনতাছির (২৬)।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া-দৌলতপুর সড়কের আল্লারদর্গা হল বাজারের সামনে দৌলতপুরগামী কুষ্টিয়া-ট-১১-১৯২৩ একটি বালু ভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিষিয়ে দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও অপর আরোহী পিষ্ট হয়ে যায়। এদের মধ্যে একজনের মাথা সম্পূর্ণ পিষ্ট হয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা ছুটে আসলে ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
আরো পড়ুন: বিদেশে টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
বিক্ষুব্ধ পথচারীরা প্রায় ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-দৌলতপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ
