ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে উত্তপ্ত লঙ্কান ক্রিকেট

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:০৯

রাত পোহালেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা দল। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচের আগে উত্তপ্ত লঙ্কান ক্রিকেট। বোর্ডের আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করেননি দিমুথ করুনারত্নে-সুরঙ্গ লাকমলরা। বেতন-ভাতা নিয়ে তীব্র অসন্তোষ তাদের মাঝে।

গত জানুয়ারি থেকেই কেন্দ্রীয় চুক্তির বাইরে লঙ্কান ক্রিকেটাররা। নতুন চুক্তিতে সবার পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়েছে ২০০ ভাগ। তাই কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানান ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে তাদের দ্বন্দ্বও এখন চরমে। স্থানীয় ইংরেজি পত্রিকা দ্য আইল্যান্ড এমন সংবাদ পরিবেশন করেছে।

আগের চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পেতেন ১ লাখ ৩০ হাজার ডলার। নতুন চুক্তিতে সেটা কমিয়ে ৪৫ হাজার ডলারে নামিয়ে ফেলা হয়েছে।  তাতে বড়সড় ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা। এছাড়া অভিজ্ঞতার ভিত্তিতে আলাদা ভাতা পেতেন ডিকওয়েলা-থিরিমান্নেরা। সেসবও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় আইনি লড়াইয়ের পথেও হাঁটতে পারেন ক্রিকেটাররা। কদিন আগে টেলিকনফারেন্সে ক্রিকেট পরিচালক টম মুডি চুক্তির বিষয়ে ক্রিকেটারদের সব প্রশ্নের সঠিক উত্তরও দিতে পারেননি।