দেশের সর্বত্র টেলিটক ৪জি নিশ্চিত করুন

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২১

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এবং দেশীয় মালিকানাধীন একমাত্র মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা ৫৫ লাখের বেশি। ২০১৮ সালে ৪জি চালু হলেও এখনো প্রত্যন্ত অঞ্চলে ৩জি নিশ্চিত হয়নি। কোনো কোনো জায়গায় নেটওয়ার্কও পাওয়া যায় না। ফলে টেলিটকের সাশ্রয়ী কল রেট ও ডেটা প্যাকেজ থাকলেও গ্রাহককে বাধ্য হয়েই অন্য কোম্পানির সিম ব্যবহার করতে হচ্ছে। আমি টেলিটকের একজন নিয়মিত গ্রাহক। আমার গ্রাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মিরপুর। দুঃখের সঙ্গেই বলতে হয়, ঘরে ইন্টারনেট তো দূরে থাক নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। দেশের সর্বত্র টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী এবং ৪জি নিশ্চিত করা হলে একদিকে যেমন গ্রাহকের সংখ্যা বাড়বে, তেমনি ডিজিটাল সেবা পৌঁছে যাবে দুর্গম অঞ্চলে। তাই দেশের সর্বত্র টেলিটকের ৪জি নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মমিন সরকার

শিক্ষার্থী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা