করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় ভ্যাকসিন জাতীয়তাবাদ ও করোনা ভাইরাসের উত্স নিয়ে রাজনীতির বিরোধিতা করেছেন চীনসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। একইসঙ্গে ভ্যাকসিন বণ্টনে সমতা ও ন্যায্যতারও দাবি জানিয়েছেন তারা। চীনের উদ্যোগে মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ও দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকের পর গতকাল একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে তারা এ দাবির কথা জানিয়েছেন।
কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো ভ্যাকসিন ও অর্থনৈতিক পুনরুদ্ধার। এই লক্ষ্যে চীনের নেতৃত্বে ‘চায়না-সাউথ এশিয়া প্ল্যাটফরম ফর কোভিড-১৯ কনসালটেশন, কোঅপারেশন অ্যান্ড পোস্ট প্যান্ডেমিক ইকোনমিক রিকভারি’ শীর্ষক একটি প্ল্যাটফরম আত্মপ্রকাশ করেছে। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এই প্ল্যাটফরমের প্রথম বৈঠক করেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ভ্যাকসিন বিতরণে সমতা ও ন্যায্যতার নীতি অনুযায়ী হওয়া উচিত বলে পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন। চীন তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্ল্যাটফরমে যুক্ত দেশগুলোকে মেডিক্যাল ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। করোনার জরুরি চিকিত্সা সুবিধা, দারিদ্র্য বিমোচন ও ই-বাণিজ্য প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছে।
