শেষ ধাপের ভোট গ্রহণ আজ

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:৫২

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অষ্টম ও শেষ দফায় আজ বৃহস্পতিবার চার জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ হবে। আজই ভাগ্য নির্ধারিত হবে দুই মন্ত্রী শশী পাঁজা ও সাধন পান্ডের। পাশাপাশি অভিনেত্রী নয়না ব্যানার্জি, কলকাতা পৌরসভার বিদায়ী ডেপুটি মেয়র তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষ, কলকাতা পৌরসভার সাবেক ডেপুটি মেয়র বিজেপির মীনা দেবী পুরোহিতের ভাগ্যও নির্ধারিত হবে। এই দফায় কলকাতার সাত আসনের পাশাপাশি ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদহ জেলার কয়েকটি আসনে।

সন্ধ্যা সাড়ে ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। এর আধা ঘণ্টা পর থেকে শুরু হয়ে যাবে এগজিট পোল। টানা তৃতীয়বার তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে তার একটা পূর্বাভাস পাওয়া যাবে এসব বুথফেরত জরিপে। আগামী ২ মে  ভোট গণনার ফল ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাডু, কেরালা এবং ইউনিয়ন টেরিটরি রাজ্য পন্ডিচেরিরও ফল জানা যাবে এদিন। তবে জনরায়ের চেয়েও রাজনৈতিক দলগুলো চিন্তিত গণনার দিন প্রার্থী এবং তাদের এজেন্টদের গণনা কেন্দ্রে থাকা নিয়ে।

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর বুধবার জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া থাকলে তবেই ঢোকা যাবে গণনা কেন্দ্রে। যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি তাদের গণনার ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করিয়ে রিপোর্ট সঙ্গে নিয়ে ঢুকতে হবে। তা না হলে গণনা কেন্দ্রে ঢোকা যাবে না। রাজনৈতিক দলগুলোর বহু প্রার্থী এবং এজেন্টের বয়স ৪৫ বছরের নিচে। ভারতে ৪৫ বছরের বেশি বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আরটিপিসিআর টেস্টের ফল অনেক সময় ৪৮ ঘণ্টার মধ্যে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এতো প্রার্থী এবং এজেন্টের পরীক্ষা কীভাবে করান হবে, তা নিয়ে চিন্তায় পড়েছে রাজনৈতিক দলগুলো।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালে করোনায় চার প্রার্থীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এই পরিস্থিতিতে গণনার দিন পরিস্থিতি কড়া হাতে সামলাতে চাইছে ভারতের নির্বাচন কমিশন।