অক্সিজেন সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:৫৩

করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। সরকারি হাসপাতালগুলোতে তরল অক্সিজেন সরবরাহ কার্যক্রম আরো জোরদার করেছে গ্রুপটি। গতকাল বুধবার এ কার্যক্রমের উদ্বোধনে চট্টগ্রামের এ কে এস প্ল্যান্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জানানো হয়, সরকারি হাসপাতালে প্রদত্ত অক্সিজেনের মাধ্যমে অর্জিত সমুদয় অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। কারখানায় উত্পাদিত অক্সিজেন বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরিশোধিত করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে আবুল খায়ের গ্রুপ তার উত্পাদিত অক্সিজেন সবার জন্য উম্মুক্ত করে দেয়। প্রতিদিন ২৬০ টন উত্পাদন ক্ষমতাসম্পন্ন দেশের বৃহত্তম এ অক্সিজেন প্ল্যান্ট থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি ব্যক্তিগত ও হাসপাতালের সিলিন্ডার বিনামূল্যে রিফিল করে দেওয়া হয়েছে। সে সঙ্গে ২০টি হাসপাতালে বিনামূল্যে সিলিন্ডার প্রদান ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করে দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের অক্সিজেন প্ল্যান্টের সিইও মুহামম্দ আবদুল্লাহ, জিএম মো. নজরুল ইসলাম, ডিজিএম এনপি গৌর, এজিএম মো. সামসুদ্দোহা, সিনিয়ার ম্যানেজার মো. ইমরুল কাদের ভূঁইয়া প্রমুুখ।