ভারতে মহামারি করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব চলছে। এর মাঝেই ওড়িশা রাজ্যের গঞ্জমের এক কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ঘটে গেল ভিন্নরকম এক ঘটনা। সেখানে করোনার ভয়কে দূরে ঠেলে দিয়ে হাসপাতালের বেডে বসেই চার্টার্ড অ্যাকাউন্ট (সিএ) পরীক্ষার প্রস্তুতি নিতে দেখা গেছে এক রোগীকে। ইতিমধ্যে সেটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।
মূলত প্রথমে টুইটারে তার এই ছবিটি শেয়ার করেন স্থানীয় জেলা ম্যাজিস্টেট ও আইএএস অফিসার বিজয় কুলাঙ্গে। সেখানে দেখা যায়, হাসপাতালের বেডে মাস্ক পরিহিত এক লোক বই, অনুলিপি এবং একটি ক্যালকুলেটর নিয়ে বসে আছেন। এ সময় তিনি পিপিই পরিহিত দুইজন ব্যক্তির সাথে কথা বলছেন।
Success is not coincidence. You need dedication. I visited Covid hospital & found this guy doing study of CA exam. Your dedication makes you forget your pain. After that Success is only formality. pic.twitter.com/vbIqcoAyRH
— Vijay IAS (@Vijaykulange) April 28, 2021
টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর জন্য আপনার ডেডিকেশন প্রয়োজন। আমি কোভিড হাসপাতাল পরিদর্শনের সময় এই লোকটিকে সিএ পরীক্ষার জন্য পড়াশোনা করতে দেখেছি। আপনার এই ডেডিকেশন সকল ব্যাথা ভুলিয়ে দেয়। এরপরে সাফল্য কেবল আনুষ্ঠানিকতা।’
গতকাল বুধবার টুইটটি শেয়ার করার পর থেকে এখন অবধি এটিতে রিয়েক্ট করেছেন ৫০ হাজার ৪০০ এর অধিক ব্যবহারকারী এবং রিটুইট করেছেন ৭ হাজার ৭০০ এর বেশি। অধিকাংশ নেটিজেন তার এই ডেডিকেশনকে বেশ মূল্যায়ন করছেন।
ইত্তেফাক/টিএ
