বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিলো শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৬৬ রান করে লাঞ্চ বিরতিতে গিয়েছে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজ নির্ধারণী ম্যাচটিতে টস জিতে প্রথমের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে।
এরপর শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মোট ২৭ ওভার ব্যাট করে ৬৬ রান সংগ্রহ করেছে তারা।
এই সময়ের মধ্যে কোনো উইকেট না পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন টাইগার বোলাররা। তিন পেসার তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও অভিষিক্ত শরিফুল ইসলামের সঙ্গে বোলিং করেছেন স্পিনার মেহেদি হাসান মিরাজও। কিন্তু বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও লঙ্কান ব্যাটসম্যানদের আউট করতে পারেননি তারা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেসার ইবাদাত হোসেনকে বিশ্রামে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে অভিষেক হচ্ছে তরুণ পেসার শরিফুল ইসলামের।
এর আগে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল উভয় দল। টানা পাঁচ দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সমানতালে লড়াই করে পাওয়া ড্র বাংলাদেশ শিবিরে ফিরিয়েছে আত্মবিশ্বাস। রানের জোয়ার বইয়ে দেয়া এই ম্যাচের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ২০ পয়েন্ট পেয়েছে লাল-সবুজ বাহিনী।
ইত্তেফাক/টিএ
