শেয়ারবাজারের সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:১৫

ইত্তেফাক রিপোর্ট

আগের কার্যদিবসের মতো সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৯ দশমিক ৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক শূন্য দশমিক ৭৬ পয়েন্ট বাড়লেও ডিএসই-৩০ সূচক এক দশমিক ৪৪ পয়েন্ট কমেছে।

গতকাল ডিএসইতে ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩২ কোটি ৫৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫২টির বা ৪৩ দশমিক ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ারদর কমেছে ১২৮টির বা ৩৬ দশমিক ৪৭ শতাংশের এবং বাকি ৭১টির বা ২০ দশমিক ২৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪৪ দশমিক ৭৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দর বেড়েছে, কমেছে ৯৮টির আর ৫১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।