আসাদুল্লাহ্
কবির কবিতা নয় অলীক কল্পনা
চিন্তার চৌহদ্দি তার আদতে অল্প না।
ভাবের জলের তলে কবি বালিহাঁস
সত্য ও সুন্দর মত্স্য, নদী-ইতিহাস।
কষ্টকাদা ঘেঁটে দেন চেতনার ডিম
মোরগের মতো কবি নকিব-আদিম।
বিশ্বটা সমুদ্র কবি দুরন্ত ডুবুরি
তুলে আনে রত্ন-শুভ মোহন জহুরি।
জাতির দুর্দিনে কবি প্রহরী অতন্দ্র
মানসতিমিরে ভরা পূর্ণিমার চন্দ্র।
প্রজ্ঞা ও প্রেরণা তার আলোর প্রপাত
বাণী তার জোছনার অন্য ধারাপাত।
কবিও নবীর মতো স্বভাব-সুজন
সুশিক্ষায় স্বশিক্ষিত সারস্বত জন।
