শহরের নাম পিরোজপুর। পাড়ার নাম আদর্শপাড়া। এই আদর্শপাড়ার রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে অনবরত। এখানকার এক বাড়ির রাস্তার পাশের ড্রেনের ওপর স্লাভ না দেওয়ায় এ রাস্তায় যাতায়াতকারীরা যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারেন। আবার যাঁরাই এই রাস্তা দিয়ে যান তাঁরা দুর্গন্ধ শুঁকতে শুঁকতে যান। ঐ বাড়ির পর যে বাড়িটি সেখানে দেয়াল না ভেঙে ড্রেন করা হয়েছে ভেতর দিয়ে। আর ড্রেন করার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সেখানে স্লাভ বসিয়ে দিয়েছেন। এর পরের বাড়ি আর তার পরের বাড়ি দুটির সামনে ড্রেনের ওপরও বসিয়ে দেওয়া হয়েছে মজবুত স্লাভ। ঐ দুই বাড়ির সামনের রাস্তার অপর পাশে মসজিদ। মসজিদের পাশ দিয়েই ড্রেনটি আসার কথা ছিল। তা না করে অতিরিক্ত খরচে রাস্তা কেটে অপর পাশ দিয়ে ড্রেন করা হয়েছে। এই ড্রেনের ওপরও স্লাভ বসেছে। আদর্শপাড়ায় সমপ্রতি গিয়েছিলাম। উন্মুক্ত ড্রেনের দুর্গন্ধ সহ্য করে পথ চলতে হয়। এদিকে উন্মুক্ত ড্রেন ময়লা-আবর্জনায় ভরে উঠছে। পরিশেষে, পথচারীর চলাচলের নিরাপত্তা ও উন্মুক্ত ড্রেন থেকে দুর্গন্ধ যাতে ছড়াতে না পারে, সেজন্য ড্রেনের ওপর অবিলম্বে স্লাভ বসানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
