‘মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই!’

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:২৯

বিনোদন রিপোর্ট

 

এটা এমন না যে করোনায় সবাই চ্যারিটি ওয়ার্ক করছে, সেভাবেই ববি পাশে দাঁড়াচ্ছেন মানুষের। ববি বরাবরই একাধিক সামাজিক সংগঠনসহ ব্যক্তি উদ্যোগে মানুষের জন্য কাজ করেন। ববি বলেন, ‘ঠিক মানুষের জন্য করি, এটা বললে কেমন শোনায়। দেখুন, আদতে কিন্তু আমি আমার নিজের জন্যই করি। নিজের আত্মতৃপ্তির জন্য। আমি সেই শৈশব থেকেই রোজা রাখি। প্রতিদিন অন্তত একজনকে ইফতার করান, দেখবেন তাতে যে আনন্দ তা টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই!’

চিত্রনায়িকা ববির এই সময়ে মোটা ৪টি ছবির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা জটিলতার কারণে সব যেন স্থবির হয়ে আছে। এর ভেতরে বীরশ্রেষ্ঠদের নিয়ে একটি চলচ্চিত্রের কাজ শুরু হয়েও থামাতে হলো। ববি নিজেও ভুগেছেন করোনায়। এরপরও নিজে করোনা লকডাউনে মাস্ক থেকে শুরু করে খাবার সরবরাহের কাজে গিয়েছেন। ববি বলেন, ‘আমি কোনো সংগঠনের নই। সামর্থও আমার কম। কিন্তু আমি মনে করি প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কাজটা করলেই হয়ে যায়। সে কারণেই নিজের উদ্যোগে এই কাজগুলো করি।’ পাশের দেশ ভারতে আজ করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে ববি বলেন, ‘আমার পরিচিত অনেকেই আছেন সেখানে। খুবই ভীতিকর অবস্থা। আল্লাহ এই সংকট থেকে আমাদের রেহাই দিক এটাই প্রার্থনা।’