ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বহির্বিভাগে বিনা মূল্যে ওষুধ বিতরণ শুরু

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৩

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর এক যুগ পরে প্রথম বারের মতো বহির্বিভাগের রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ঐকান্তিক প্রচেষ্টায় এ পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগীদের মধ্যে ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান, ডা. আমিন উল ইসলাম, ডা. নিয়াজ মাহামুদ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ২৯ ধরনের ওষুধ বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ওষুধ দেওয়া হবে।