নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে পুনর্নির্মাণ কাজের জন্য তৈরি দীর্ঘ অসহনীয় যানজটে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কের দুপাশে খোঁড়াখুঁড়ি—আদমদীঘি ও মুরইল স্ট্যান্ডে রাস্তার মধ্যে রড ঢালাইয়ের কাজের দরুন সড়কের দুধারে যানজট সৃষ্টি হয়। যানবাহনও নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে যেতে পারে না। রাস্তা সরু হওয়ায় আধা ঘণ্টা পরপর একই পথে দুধারে আটকে পড়া গাড়িগুলো চলাচল করে। চার মাস ধরে চলছে এ অবস্থা। প্রতিদিন এই সড়ক দিয়ে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করে। অথচ সড়কে দ্রুত কাজের উদ্যোগ না নেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে চলেছে। নওগাঁ থেকে বগুড়া প্রায় ৪২ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজ চার মাস আগে শুরু করা হয়। রাস্তার দুধার তিন ফিট করে বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্ট্যান্ডে রাস্তা রড ঢালাই দিয়ে উঁচু করার কাজ সরকারের সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। তদারকি না থাকায় নির্মাণ প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করে যাচ্ছে। চার মাসেও আদমদীঘি উপজেলা অংশের কাজ শেষ করতে পারেনি। এতে নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কের কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। পরিশেষে, বাস্ততম মহাসড়কের কাজ তদারকি ও দ্রুত শেষ করার জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. গোলাম সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া
