বিশেষ প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বিষোদগারের রাজনীতি পরিহার করে সরকারের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেব এবং তার জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাব, প্রতিদিন সরকারের প্রতি বিষোদগার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, আপনারাও সেভাবে জনগণের পাশে দাঁড়ান এবং আসুন আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করি।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি অ্যাডভোকেট নূরুল আমীন রুহুল, সহসভাপতি শরফুদ্দিন আহম্মেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ কামাল, প্রচার সম্পাদক আকতার হোসেন, ঢাকা মহানগর উত্তর মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিতু আক্তার প্রমুখ। এদিকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সভাস্থলে। এ সময় দেখা যায়, ঈদ উপহার বিতরণের জন্য যে সকল সুবিধাবঞ্চিত শিশুদের বসিয়ে রাখা হয়েছিল, তারা উপহারসামগ্রী পায়নি। উপহারসামগ্রী বিতরণ শুরু হলে আশপাশে থাকা রিকশাচালক, ছিন্নমূল ও পথচারীরা এসে বিশৃঙ্খলা তৈরি করে। এ সময় সুষ্ঠু বণ্টনে ব্যর্থ হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। ফলে দুই ঘণ্টা অপেক্ষার পরও ঈদের উপহারসামগ্রী থেকে বঞ্চিত হয় কিছু সুবিধাবঞ্চিত শিশু।
