এএফসি কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলার প্লেঅফ-১ ম্যাচ ঢাকায় হবে কি না, তা এখনো জানায়নি এএফসি। তব যে কোনো সময় পেয়ে যাবে, এমনটা মনে করছে আবাহনী এবং বাফুফে। মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে আবাহনী খেলতে চায় আগামী ৫, ৬ এবং ৭ মের যে কোনো এক দিন। বাফুফে এ হিসাব করেই প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের ফিকশ্চার সাজিয়েছে। এএফসি অনুমতি দিলেই খেলা হবে। আবাহনী আরো একটা আবদার করেছে। আবাহনী যদি ঈগলসের বিপক্ষে জয় পায় তাহলে আবাহনীকে প্লেঅফ-২ ম্যাচ খেলতে হবে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে। আবাহনী চাইছে ভারতের এই দলটা যদি বাংলাদেশে চলে আসে তাহলে ব্যাঙ্গালুরু এফসিও তাদের দ্বিতীয় ম্যাচটা ঢাকায় খেলতে পারবে। যেহেতু ভারতে এখন করোনার মহামারির মধ্যে আইপিএল চলছে। ফুটবল ম্যাচ হতেও পারে সেখানে। তার পরও যদি এএফসি বাংলাদেশে ব্যাঙ্গালুরু এফসিকে খেলার অনুমতি দেয় তাহলে ঢাকায় একসঙ্গে দুটি ম্যাচ হতে পারে।
