প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে
আর্থিক সুবিধা আদায়
পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন সদস্যের নাম ভাঙিয়ে আর্থিকসহ বিভিন্ন সুবিধা আদায় এবং অন্যান্য অভিযোগে পিরোজপুর জেলার মালিখালী ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ভিন্ন অভিযোগে আরেক চেয়ারম্যানকেও বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সুমন মণ্ডল (মিঠু) ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জলাবাড়ী ইউনিয়নের আশীষ কুমার বড়াল। এরা দুই জনই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু জাফর স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেওয়া বিনামূল্যে বিতরণকৃত ঘর প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণ, সরকারি টিউবওয়েল প্রদানের বিনিময়ে নগদ অর্থ গ্রহণ এবং ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সুমন মণ্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রাথমিক তদন্তে সত্য বলে প্রমাণিত হয়। সুমন মণ্ডল পরপর দুই বার মালিখালী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং বর্তমানে স্থগিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
উল্লেখ্য, মালিখালী ইউনিয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন ও বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ার লাগোয়া। এ সুবাদে সুমন মণ্ডলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন সদস্যের নাম ভাঙিয়ে আর্থিকসহ বিভিন্ন সুবিধা গ্রহণের অভিযোগ উত্থাপিত হয়েছে।
অন্যদিকে জলাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশীষ বড়ালের বিরুদ্ধে ভিজিডি চাল বিতরণে অনিয়মসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্থানীয় তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকেও বরখাস্ত করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম ইত্তেফাককে জানিয়েছেন।
