কর্ণফুলীতে অয়েল ট্যাংকারে আগুন নিহত ২

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:৫৬

পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটির বিপরীত পাশে ‘এমটি ইরাবতী’ নামের অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফেনীর ছাগলনাইয়ার নিজামউদ্দিন (৪০) ও নোয়াখালীর কবিরহাটের আলমগীর (৪১)। এ সময় জাহাজের শ্রমিক আবু সুফিয়ান, সাহাবুদ্দিন ও মনিরুজ্জামান দগ্ধ হন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল ভৌমিক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন জাহাজের শ্রমিক আবু সুফিয়ান, সাহাবুদ্দিন ও মনিরুজ্জামান। সাহাবুদ্দিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। অন্যদিকে বন্দরের টাগবোট কান্ডারি আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।

চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আশুগঞ্জ থেকে জ্বালানি নিয়ে আসা ট্যাংকারটি তরল জ্বালানি কনডেনসেট খালাস করছিল। হঠাত্ ট্যাংকারের ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন ইত্তেফাককে জানান, পতেঙ্গা থেকে সকালে অগ্নিদগ্ধ তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা গুরুতর।