খালাস পাওয়া তিন ব্যাংক কর্মকর্তাকে হাইকোর্টে তলব

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:০৬

ঋণ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছর পূর্বে অব্যাহতি পেয়েছিলেন রূপালী ব্যাংকের দিলকুশা স্থানীয় কার্যালয়ের তিন কর্মকর্তা। চার্জশিট থেকে অব্যাহতি পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের তলব করেছে হাইকোর্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি ওই কার্যালয়ের সাবেক উপ-মহাব্যবস্থাপক বর্তমানে মহাব্যবস্থাপক এসএম আতিকুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক বর্তমানে উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আবদুস সামাদ সরকারকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় দণ্ডিত এক ব্যক্তির জামিন আবেদনের শুনানিকালে বিষয়টি নজরে আসলে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

বিক্রিত জমি ও ফ্ল্যাট অবিক্রিত দেখিয়ে পরস্পর যোগসাজশের মাধ্যমে ঋণ জালিয়াতি করে ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় ৫ জনকে আসামি করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা করে দুদক। ২০১৩ সালের ২৯ আগস্ট ওই তিন ব্যাংক কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে এভারেস্ট হোল্ডিং এন্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এএইচএম বাহাউদ্দীন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক বর্তমানে পরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুস খানকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ১২ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৬ এভারেস্ট হোল্ডিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়। অপর আসামি খালাস পান। সাজার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এইচএম বাহাউদ্দীন। ওই আপিলে আসামির জামিন আবেদনের শুনানিকালে হাইকোর্ট উপরোক্ত আদেশ দিয়েছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।