সন্জীদা খাতুন রচিত ‘নজরুল-মানস’ গ্রন্থের প্রকাশনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:০৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সন্জীদা খাতুনের জন্মের আগেই তাদের পরিবারের আত্মীয় ছিলেন। তিনি কবি কাজী নজরুল ইসলামকে ছেলেবেলার একটি বয়স পর্যন্ত দেখেছেন। তারপর নজরুলকে নানাভাবে জেনেছেন। বহুমাত্রিক নজরুলের গান, কবিতা, গদ্যের বিশ্লেষণায় সন্জীদা খাতুনের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে নজরুল-মানস গ্রন্থ।

গতকাল মঙ্গলবার কবি কাজী নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে সন্জীদা খাতুন রচিত ‘নজরুল-মানস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়। সন্জীদা খাতুনের উপস্থিতিতে বইটি নিয়ে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কবি মানিক মোহাম্মদ রাজ্জাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বইটির প্রকাশনা সংস্থা নবযুগ প্রকাশনীর স্বত্বাধিকারী অশোক রায় নন্দী।

নজরুল-মানস বইটিতে সন্জীদা খাতুনের লেখায় ‘সবার কবি নজরুল/পারিবারিক অভিজ্ঞতা’, আবেগ উচ্ছ্বসিত নজরুল, নজরুল সঙ্গীত, নজরুল কাব্যে আধুনিকতা: প্রেম ও নারী, রাক্ষুসী, যুগ সৃষ্টিকারী বাণী, গদ্য রচনায় নজরুল-মানস, নজরুল জীবনের শেষ অধ্যায়, পত্রাবলীতে কাজী নজরুল ইসলাম অধ্যায়গুলোতে বিভক্ত। আয়োজনের শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল। ১১২ পৃৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ২২০ টাকা। প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী।