মাদক রাখতে না দেওয়ায় রাজশাহীতে একটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ১১টার দিকে নগরের মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুনে পুরো বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সাতবাড়িয়া এলাকার জালাল উদ্দিনের পরিবারের সদস্যরা পদ্মার চরের বাথান বাড়িতে থাকেন। এ কারণে তাদের সাতবাড়িয়ার বাড়িটি প্রায় সময় ফাঁকা থাকে। এ সুযোগে দীর্ঘদিন ধরে এলাকার শুভ, চান্দু ও মিজান ওই বাড়িতে ফেনসিডিল রেখে ব্যবসা করে আসছিল।
সোমবার বিকেলের দিকে বাড়ির মালিক জালাল উদ্দিনের নাত বৌ কেয়া মাদক ব্যবসায়ী শুভ ও চান্দুকে ফেনসিডিল রাখতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ চান্দু তাদের বাড়িতে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এর পরে রাত ১১টার দিকে তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জালালের ছেলে পিয়ারুল বলেন, ‘এ ঘটনায় তার বাবা জালাল উদ্দিন নগরীর মতিহার থানায় শুভ, চান্দু ও মিজানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে প্রার্থীর বয়স ৩০, হলেই থাকছে ভোটকেন্দ্র
নগরীর মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, ‘বাড়িতে মাদক রাখতে না দেওয়ায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু

