ক্যাম্প ছেড়ে পালাচ্ছে সচ্ছল রোহিঙ্গারা আটক ১৮

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৪৩

উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত সচ্ছল রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ ও ক্যাম্প পালানোর প্রবণতা প্রতিরোধে সড়ক পথে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে অভিযান চলমান থাকলেও রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প ছাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশিষ্টজনেরা। গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী গাড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় মরিচ্যা ব্রিজে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ১৮ জন রোহিঙ্গাকে আটক করে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বিপুল পরিমাণ রোহিঙ্গা পালিয়ে এসে উখিয়া টেকনাফের ৩০টি ক্যাম্পে আশ্রয় নেয়। সরকার ছাড়াও ১৭৫টি এনজিও সংস্থা রোহিঙ্গাদের চাহিদার তুলনায় অতিরিক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করছে। উদ্বৃত ত্রাণসামগ্রী খোলা বাজারে বিক্রি করে তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠেছে।

রোহিঙ্গা নেতা ফয়সাল আনোয়ার, জাফর আলম জানান, সচ্ছল হয়ে উঠা রোহিঙ্গারা বিদেশ পাড়ি জমানোর জন্য ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। কিছু কিছু মিয়ানমারে প্রত্যাবাসনের ভয়ে চলে যাচ্ছে। আবার অনেকেই দেশের শিল্প কারখানায় চাকরির লোভে দালালের মাধ্যমে ক্যাম্প ছাড়ছে। গত ১৭ মাসে লক্ষাধিক ক্যাম্প ছেড়ে পালিয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিশেষ শাখার ইন্সপেক্টর বেলায়েত জানান, রোহিঙ্গাদের ভাষাগত দিক, আচার-আচারণ, পোশাক পরিচ্ছদ স্থানীয়দের সঙ্গে হুবহু মিল থাকার কারণে অনেক সময় তারা পার পেয়ে যাচ্ছে।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান, নতুন করে আসা রোহিঙ্গাদের অনেকেই বিভিন্নস্থানে আশ্রয় নিচ্ছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে।