এগিয়ে বিএনপি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রিতে রেকর্ড গড়েছে বিএনপি। এক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে তারা এগিয়ে আছে। গত চারদিনে প্রায় ৫ হাজার ফরম বিক্রি করেছে দলটি। এ থেকে তারা আয় করছে প্রায় ১৪ কোটি টাকা। অপরদিকে আওয়ামীলীগ মনোনয়ন ফরম বিক্রি করে ৪ হাজার ৩৫টি। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা। ফলে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল শেষ দিনেও ছিলো উপচে পড়া ভীড়। উত্সব মুখর পরিবেশে চলেছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা। বিভিন্ন জেলা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ঢোল তবলা বাদ্যযন্ত্র ও মিছিল নিয়ে নয়াপল্টন আসতে দেখা যায়। দলীয়  নেতাদের নামে ব্যানার  ফেস্টুন, ধানের শীষ নিয়ে শোডাউন, খালেদা জিয়ার       মুক্তির স্লোগান মুখরিত ছিল নয়াপল্টন। এদিকে নাইটিংগেল এবং ফকিরাপুল এলাকাসহ প্রতিটি রাস্তায় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করতে দেখা যায়।

এদিকে মনোনয়ন পত্র বিক্রির শেষ  দিনে মনোনয়ন ফরম বিক্রি কমলেও বেড়েছে জমাদানের কাজ।

এর আগে মনোনয়নপত্র বিক্রির চতুর্থ দিন শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সর্বমোট ফরম বিক্রি করেছে ৪১১২ এবং জমা পরেছে ১২৪৯ টি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর এবং প্রার্থিতা পত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে।