আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেওয়া হবে না।’ গতকাল মঙ্গলবার ইত্তেফাককে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ ২০১৪ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে ছয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল। আইনে মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় এ নির্বাচন হতে যাচ্ছে। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল।
