সজীব খন্দকার
মীনহাজ (৬) ও হালিম (৭), পাশাপাশি ঘর তাদের। বয়সে দুই জন কাছাকাছি। একজনের বাবা ঠেলাগাড়ি চালায়, অন্য জনের বাবা ভাঙারি কেনে। তারা দুই জন নিয়মিত লাল সবুজ পতাকা স্কুলে পড়তে আসে। রাস্তার পাশে ফুটপাতে বসেও তারা স্বপ্ন দেখে, বড় হয়ে একজন আকাশে উড়বে—পাইলট হবে, আর অন্য জন পুলিশ অফিসার। তাদের এই স্বপ্নের পথেই সহযোগী হয়ে সঙ্গে আছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার’ (আইওয়াইসিএম) এবং ‘সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট’ (সীড)। ৬৫ জন শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে ইফতারসামগ্রী।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার (আইওয়াইসিএম) ও সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট (সীড)-এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের মধ্যে ঈদ ও রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেল স্টেশনের ‘লাল সবুজের পতাকা শুভ চন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র’ নামের একটি স্কুলের ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ছোলা, চিনি, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও খেজুরসহ নানা খাদ্যসামগ্রী।
স্কুলের শিক্ষার্থী মীম (৮) জানায়, ‘মেলা খুশি লাগতাছে। রোজা শুরু হবার পর তেমন ভালো কইরা ইফতার খাইতে পারি নাই। মেলা দিন পর বাসার সবাইরে নিয়া ইফতার করমু, সেহরি খামু’।
মীমের মতো নাইম (৭) জানায় ‘লকডাউন শুরু হইছে, রমজান শুরু হইবার পর আব্বা কামে যাই তো না, রিকশা চালাই তো না। মেলা দিন ঠিকমতো ইফতার করি নাই। অনেক ভালো লাগছে ইফতারের জিনিস পেয়ে, মেলা খুশি আমরা!’
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ইয়ুুথ চেইঞ্জ মেকারের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর লাবিবা সুলতানা, ঢাকা টিমের সভাপতি মাহমুদুল হাসান জয়, সাধারণ সম্পাদক সাদিয়া আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিল খান এবং কমিউনিকেশন লিডার জুবায়ের আহম্মেদ।
লাবিবা সুলতানা বলেন, ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছিল এবং থাকবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক অবস্থার পরিবর্তন আনতে। আমরা যেন শিশুদের মুখে হাসি ফোটাতে পারি এজন্য সবার সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি।’
এছাড়াও উপস্থিত ছিলেন সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট-সীডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুল ইসলাম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. রাসেল মিয়া, ফিন্যান্স কোঅর্ডিনেটর ফারজানা আক্তার এবং ইভেন্ট অ্যান্ড ক্যাম্পেইন অর্গানাইজার মো. মাসুদ।
সীডের প্রধান নির্বাহী বলেন, ‘মূলত সমাজের সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করার প্রয়াসে সীডের যাত্রা। এ যাত্রায় ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকারের সহযোগী হয়ে শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত এবং যারপরনাই গর্বিত।’ ভবিষ্যতেও এসব শিশুদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তাদের সহযোগিতা করেন, আইওয়াইসিএমের নারায়ণগঞ্জ টিমের সদস্য রেদওয়ান আরিফ, আবদুল্লাহ, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, নাদিম হাসান, বিল্লাল আহম্মেদ প্রমুখ।
দিন শেষে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকারের সবাই অনেক খুশি তাদের মুখে হাসি ফোটাতে পেরে।
